advertisement
advertisement

গাইবান্ধায় একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু: পুকুরে ডুবে প্রাণ গেল চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
গাইবান্ধায় একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু: পুকুরে ডুবে প্রাণ গেল চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের

ছবি-সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নিহত শিশুরা হলো—সমসপাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত ও জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন। কাকতালীয়ভাবে তাদের জন্ম হয়েছিল একই দিনে, আবার মৃত্যুও হলো একই দিনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘুম থেকে উঠে শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে দ্রুত তাদের উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল মুঠোফোনে জানান, দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। তিনি আরও জানান, শিশু দুটি একই দিনে জন্ম নিয়েছিল। কাকতালীয়ভাবে তাদের মৃত্যুও একই দিনে হলো।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল সোমবার দুপুর ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। একই সঙ্গে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ছোট শিশুদের প্রতি অভিভাবকদের সব সময় সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর